ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিগগিরই বিচারপতি ফয়জী ইস্যুর সমাধান হতে পারে।
ওই কর্মকর্তা বিডিনিউজ বলেন, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। শিগগির এর সমাধান হতে পারে।
এদিকে বেঞ্চে না বসায় এবং ছুটিতেও না থাকায় বিচারপতি ফয়জীকে গত এপ্রিল থেকে বেতন দেওয়া হচ্ছে না। গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্টের হিসাব শাখা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রোরের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে অভিমত জানতে চায়। পরে প্রধান বিচারপতির অভিমতের প্রেক্ষিতে হিসাব শাখা এপ্রিল থেকে বিচারপতি ফয়জীকে বেতন বন্ধ রাখে। তিনি সর্বশেষ মার্চ মাসের বেতন পেয়েছেন।
পরীক্ষায় ফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফয়সল মাহমুদ ফয়জীসহ মোট দুই হাজার ৪০০ জনের সনদ বাতিল করে দেয়।
১৬ মার্চ সনদ এ সংক্রান্ত গেজেটে প্রকাশ হয়। বিচারপতি ফয়জী এর বৈধতা নিয়ে রিট মামলা করলে হাইকোর্ট গত ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে দেয়।
অন্যদিকে, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশ ২৭ মার্চ প্রধান বিচারপতির কাছে পৌঁছার পরদিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রথম বৈঠক বসে।
এর পর আর কোনো আনুষ্ঠানিক বৈঠক না হলেও কাউন্সিলের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০৪৫ ঘ.
bdnews24