ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা রেল যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা করতে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার ট্রেনে চড়ে ঢাকায় আসছে। এটি ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক চালনাও বটে।
ভারতীয় প্রতিনিধি দলটি ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ঢাকায় থেকে দুই দেশের রেল সার্ভিস চালু করায় অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদ উল্লাহ শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক জন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটি রোববার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে।"
ট্রেনটি কলকাতা থেকে সকাল ৭ টায় যাত্রা শুরু করবে বলে জানান তিনি।
আসাদ উল্লাহ বলেন, "সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা এবং সপ্তাহে কয়টি ট্রেন যাতায়াত করবে এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।"
গত মঙ্গলবার সরকার ভারতীয় ট্রেনে করে প্রতিনিধি দলটিকে ঢাকায় আসার অনুমতি দেয়।
বাংলাদেশ ও ভারত সরকারের ঘোষণা অনুসারে চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালু হবে।
২০০১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়, শেষ পর্যন্ত তা আর চালু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমআই/১৯১৯ ঘ.
bdnews24