বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশাল নগরীর কীর্তনখোলার কাউয়ারচর ফেরিঘাট থেকে শনিবার দুপুরের দিকে প্রায় সাড়ে চার হাজার কেজি ওজনের চোরাই বৈদ্যুতিক তার বোঝাই একটি ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
ট্রাক চালক খোকন মিয়াকে (৩৮) কোতয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলার কালীনাথ বাজার থেকে পল্লী বিদ্যুতের এসব তার বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ট্রাকটি কাউয়ারচর ফেরিঘাট এলাকা থেকে আটক করেন। এ সময় ট্রাক চালক খোকন মিয়া পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খোকন মিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩৮ ঘ.
bdnews24