ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের স্থলভাগে এসে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে সরে গেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা সাদিকুল আলম রাত ১০টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের স্থলভাগে এসে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গে সরে গেছে। এটি সেখানে স্থল নিুচাপ রূপে অবস্থান করছে। এ কারণে বাতাসের চাপে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত তারতম্য হচ্ছে।
এজন্য বিশেষ কোনো সতর্ক সংকেত দেওয়া না হলেও তিনদিন আগে থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, চট্রগ্রাম ও বরিশালের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহীর দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মৌসুমী বায়ুপ্রবাহ ও সঞ্চরণশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় শুক্রবারও অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/২২৩৮ ঘ.
bdnews24