২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরে ফেলা হলো পাগলায় ওয়াসার আরও দুটি লেগুনের মাছ

ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার পাগলায় ওয়াসার আরও দুটি পয়ঃশোধনাগার লেগুনের বিষাক্ত মাছ মেরে ফেলেছে। এ নিয়ে পাগলায় ওয়াসার মোট ১১টি লেগুনের মাছ মেরে ফেলা হলো। পর্যায়ক্রমে সেখানকার আরও পাঁচটি লেগুনের মাছ ধ্বংস করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার পাগলায় ওয়াসার আরও দুটি পয়ঃশোধনাগার লেগুনের বিষাক্ত মাছ মেরে ফেলেছে। এ নিয়ে পাগলায় ওয়াসার মোট ১১টি লেগুনের মাছ মেরে ফেলা হলো। পর্যায়ক্রমে সেখানকার আরও পাঁচটি লেগুনের মাছ ধ্বংস করা হবে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত লেগুনে বিষ ঢেলে প্রায় ২০০ কেজি (৫মন) বিষাক্ত মাছ মেরে ফেলার পর তা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মাটিতে পুঁতে ফেলে। এসব মাছের মধ্যে বড় আকারের চিতল, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, কার্ফু ও চাপিলা রয়েছে। ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বিভিন্ন পয়ঃবর্জ্য পরিশোধনের জন্য ওয়াসার ২৩৬ একর জমির মোট ১৬ টি লেগুন (পুকুর) রয়েছে। কিন্তু এগুলো মাছ চাষের অনুপুযুক্ত। কারণ, লেগুনের পানিতে অ্যালুমেনিয়াম, লেড, পারদ ও দস্তাসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে। সেখানে চাষ করা মাছের দেহেও এই বিষাক্ত পদার্থ প্রবেশ করায় এসব মাছ খেলে কলেরা, ডায়ারিয়া ও জন্ডিসসহ দীর্ঘ মেয়াদে বিভিন্ন দুরারোগ্য অসুখ হতে পারে। স্থানীয় কিছু প্রভাবশালী এসব লেগুনে মাছ চাষ করে তা রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ করত। তত্ত্বাবধায়ক সরকারের মৎস্য, কৃষি ও পশুসম্পদ উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম গত মাসের ২৬ তারিখে লেগুনের মাছ ধ্বংস করার নির্দেশ দেন। এরপর দিন থেকে ভ্রাম্যমান আদালতের সহায়তায় মৎস্য অধিদপ্তর এবং ওয়াসা কর্তৃপক্ষ লেগুনের মাছ মেরে ফেলতে শুরু করে। রোকনউদ্দৌলা জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাদবাকি লেগুনের মাছও মেরে ফেলা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০০২ ঘ.