চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় পাঁচ মাস বয়সী শিশুরপুত্রের মুখে বিষ ঢেলে দিয়ে আকতার হোসেন নামে এক রিক্সাচালক নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আকতার হোসেন (৩৫) স্ত্রী রানী বেগম ও পাঁচ মাস বয়সী ছেলে মাসুদ হোসেনকে নিয়ে থাকতেন নগরীর বায়েজীদ বোস্তামীর রৌফাবাদ কলোনিতে। সকালে স্বামী ও সন্তানকে অচেতন দেখে রীনা বেগম প্রতিবেশীর সহায়তায় পুলিশে খবর দেন।
থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, রিক্সাচালক আকতার হোসেনের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় রানী বেগমের। কিন্তু অভাব অনটনের কারণে সংসারে অশান্তি দেখা দেয়।
তিনি জানান, এর জের ধরে আকতার হোসেন বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শিশুর মুখে বিষ ঢেলে নিজে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। সকাল বেলা স্ত্রী রানী বেগম তাদের অচেতন অবস্থায় দেখেন। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে বায়েজীদ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/এসএনডি/১৯৩২ ঘ.
bdnews24