ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক দশক আগে যেখানে দেশের ২৮ ভাগ মানুষ একবেলা খেতে পেতেন এখন সেই ভাগ্য বহন করছেন ৩৬ শতাংশ মানুষ। জাতিসংঘের সংজ্ঞায় এই সব মানুষেরা 'চরম দরিদ্র'। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লাখ।
বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ (২০০৫ সাল) জরিপের বরাত দিয়ে এই তথ্য জানায়।
'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অগ্রগতি, মূল্যায়ন ও পর্যালোচনা: আত্মতৃপ্তির অবকাশ কোথায়' শীষর্ক এই সংবাদ সম্মেলনে নির্ধারিত আটটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের পরিস্থিতি নিয়ে মধ্যবর্তী মূল্যায়ন তুলে ধরে সুপ্র।
সংগঠনের সচিব রেজাউল করিম চৌধুরী সংবাদ সম্মেলনে মূল্যায়নপত্র উপস্থাপন করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুপ্রর প্রধান আব্দুল আউয়াল ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম বিষয় চরম দারিদ্র ও ক্ষুধা নির্মূল প্রসঙ্গে মূল্যায়নপত্রে বলা হয়, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশে দারিদ্রের হার ৭ শতাংশ কমলেও দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৪৪ লাখের বেশি। ১৯৯১-৯২ সালে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল পাঁচ কোটি ১৫ লাখ। ১৯৯৫-৯৬ সালে এই সংখ্যা বেড়ে পাঁচ কোটি ৫৩ লাখ হয়েছে। আর ২০০০ সালে হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ। জাতিসংঘের সংজ্ঞায় দৈনিক ১ ডলারের কম আয়ের মানুষদের দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাংক ও আইএমএফ আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া, উত্তর ও পশ্চিম এশিয়া এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দারিদ্র বিমোচনে ঋণ দেওয়ার সময় বিভিন্ন নীতিমালা বেধে দেওয়ায় লক্ষ্য অর্জনের চেয়ে পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে। বাংলাদেশেও আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্ত মেনে আমদানি উদারীকরণ ও শিল্পকারখানা বেসরকারিকরণের নেতিবাচক প্রভাব পড়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমডিজি অর্জনে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য ও নারী-পুরুষ বৈষম্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও দারিদ্র দূরীকরণের পাশাপাশি শিশুমৃত্যু হ্রাস, এইডস প্রতিরোধ ও টেকসই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এখনও ঝুঁকি রয়ে গেছে।
দেশের অর্থনৈতিক দুর্বলতার চিত্র তুলে ধরে মূল্যায়নপত্রে বলা হয়, উন্নয়ন বাজেটের ৪৯ ভাগ বিদেশি সাহায্য ও ঋণ নির্ভর। এছাড়া মোট বাজেটের সাড়ে ১৩ ভাগই ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতগুলো সম্পর্কে বলা হয়, বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ মাত্র ৬ দশমিক ৬ ভাগ। দেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার এখন ৬৯ জন। ৮৭ ভাগ মা এখনও সন্তান প্রসবের সময় স্বাস্থ্যসেবা পান না। অপুষ্টির হার ৩৮ ভাগ। আর্সেনিক দূষণের কারণে নিরাপদ পানি প্রাপ্তির হার কমেছে। শহরে ৫১ ও গ্রামে ৩৫ ভাগ মানুষ পয়ঃনিষ্কাশন সুবিধা পায়।
লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দাতাদেশগুলো প্রতিশ্র"ত সহায়তা না দিলে বাংলাদেশের মতো দেশগুলো দেনাগ্রস্থ হয়ে পড়বে বলেও মূল্যায়নপত্রে মন্তব্য করা হয়। এতে বলা হয়, দাতাদেশগুলো তাদের জাতীয় আয়ের দশমিক ৭ ভাগ সাহায্য হিসেবে দেওয়ার কথা থাকলেও দিচ্ছে মাত্র দশমিক ৩৩ ভাগ। এ অবস্থায় বৈদেশিক সহায়তা আদায়ে দাতাদেশগুলোর সঙ্গে দরকষাকষির দক্ষতা বৃদ্ধির সুপারিশ করেছে সুপ্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/জেকে/১৭০২ ঘ.
bdnews24