চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারের একটি দোকান থেকে শুক্রবার ভোররাতে ১২০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। ওই সার পাচার করার প্রক্রিয়া চলছিল বলে নিরাপত্তা বাহিনী দাবি করেছে। ওই সময় দুলাল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এহসান উল্ল্যাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের একটি দল দোহাজারী বাজারের মোতালেব স্টোর নামে একটি দোকানে লুকানো অবস্থায় ১২০০ বস্তা সার উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দোকানের মালিক দুলাল চন্দ্র দাসকে।
এ বিপুল পরিমাণ সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ওই কর্মকর্তা দাবি করেন।
দুলালকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/১৩২৪ ঘ.
bdnews24