২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনের সকালে রোদ আর মেঘের লুকোচুরি

মেঘাচ্ছন্ন আকাশ আর রোদের উঁকিঝুঁকি - দুয়ে মিলেই শুক্রবারের সকাল। ১০টার দিকের ঝিরিঝিরি বৃষ্টির কথা বাদ দিলে আবহাওয়া ছিল মোটামুটি সহনশীল। বৃষ্টি আর বাতাসের প্রবাহের কারণে গরমও খুব বেশি নেই। সবমিলিয়ে শুক্রবার দিনের শুরুটা সুন্দরই ছিল। আর তাই ছুটির দিন ভেবে আড়মোড় ভেঙ্গে যাদের ঘুম ভেঙেছে, একটু দেরী করে তারা সেই সুন্দর সকালটা মিসই করলেন বলতে হয়। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মৌসুমী বায়ুপ্রবাহ এবং বজ্রমেঘ বা সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় শুক্রবারও অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 05:10 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মেঘাচ্ছন্ন আকাশ আর রোদের উঁকিঝুঁকি - দুয়ে মিলেই শুক্রবারের সকাল। ১০টার দিকের ঝিরিঝিরি বৃষ্টির কথা বাদ দিলে আবহাওয়া ছিল মোটামুটি সহনশীল। বৃষ্টি আর বাতাসের প্রবাহের কারণে গরমও খুব বেশি নেই। সবমিলিয়ে শুক্রবার দিনের শুরুটা সুন্দরই ছিল। আর তাই ছুটির দিন ভেবে আড়মোড় ভেঙ্গে যাদের ঘুম ভেঙেছে, একটু দেরী করে তারা সেই সুন্দর সকালটা মিসই করলেন বলতে হয়। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মৌসুমী বায়ুপ্রবাহ এবং বজ্রমেঘ বা সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় শুক্রবারও অবস্থান করছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর তিনটিকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত শুক্রবারও থাকবে বহাল। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন জেলার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিলেটে। সেখানে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটি, বরিশাল ও ভোলায়। শুক্রবার সূর্য অস্তমিত হবে ৬টা ৫০মিনিটে এবং শনিবার সূর্যোদয় ৫টা ১৭মিনিটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসি/১১০৩ ঘ.