নাটোর, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি বিস্ফোরক মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে বুধবার নাটোরের বিশেষ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার সকালে দুলুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সরকার পক্ষের কৌঁসুলি(ভারপ্রাপ্ত পিপি) আব্দুল কাদের আসামীদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। পরে বিচারক আব্দুস সাত্তার দুলুসহ ৯৪ আসামীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ গঠন করেন।
আগামী ৮ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি দুই বস্তা গানপাউডার গাড়িতে করে রামশাকাজিপুর গ্রামে নিয়ে অন্য আসামীদের দেন। তারা ওই বিস্ফোরক ব্যবহার করে বাদী আসাদুজ্জামানের বাড়িসহ ১৮টি বাড়ি জ্বালিয়ে দেয়।
তবে অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত আসামীরা নিজেদের নির্দোষ দাবি করেন। দুলুসহ মামলার ২৫ আসামী বুধবার আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের আসাদুজ্জামান বাদী হয়ে চলতি বছরের ২৫ ফেব্র"য়ারি নলডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24