রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা প্রথম মামলায় সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলামের আদালতে ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদের সাক্ষ্য নেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেনের আংশিক নেওয়া হয়। আগামী ৯ জুলাই তদন্ত কর্মকর্তার বাকি সাক্ষ্য শেষে আদালত যুক্তি-তর্কের তারিখ নির্ধারণ করবে।
২০০৪ সালের এপ্রিল মাসে বাংলাভাই বাহিনীর হাতে নির্যাতিত কৃষক ফজলুর রহমান বাগমারা থানায় ২০০৭ সালের ৩০ এপ্রিল আমিনুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন গত ২৩ এপ্রিল আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৯ ঘ.
bdnews24