ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'আমি আমার বাবার শাস্তি চাই। কারণ তিনিই আমার মায়ের হত্যাকারী।' গতকাল সংবাদ সম্মেলন করে বাবার ফাঁসি দাবি করেন কলেজ ছাত্র মুনকির নাঈম সানি।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৮ জুন তার বাবা ওবায়দুর রহমান শ্যামল তার মা সুলতানা ইয়াসমিন মনিকে তাদের বারিধারা ডিওএইচএস-এর ভাড়া বাসায় হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় তারা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খান ও দ্বিতীয় কর্মকর্তা কর্মকর্তা হত্যাকাণ্ডটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেন।
সানি এ জন্য ওই দুই পুলিশ কর্মকর্তার কর্মকর্তারও শাস্তি দাবি করেন। ময়নাতদন্ত প্রতিবেদনও তার বাবা প্রভাবিত করে আত্মহত্যার কথা লিখিয়েছে বলে অভিযোগ করে সানি পুনরায় ময়নাতদন্তেরও দাবি করেন।
মঙ্গলবার ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে আরও কথা বলেন সানির ছোট বোন ইংরেজি মাধ্যমের চতুর্থ শ্রেনীর ছাত্রী শামীমা সুলতানা ঐশী ও গৃহকর্মী হুসনে আরা।
হুসনে আরা জানান, ওইদিন (১৮ জুন) দুপুরে ঘর মোছার সময় হঠাৎ করে গৃহকত্রীর 'আমাকে বাঁচাও' চীৎকার শুনতে পান। বাড়িতে তখন সানি ঘুমাচ্ছিল আর ঐশী গোসল করতে গিয়েছিল। চীৎকার শুনে হুসনা শোবার ঘরের বাথরুমের দরজা খুলে ঢুকতে গেলে গৃহকর্তা শ্যামল তাকে জাপটে ধরে ঘরে নিয়ে যায়। শ্যামল তাকে কোন শব্দ না করার ভয় দেখায়। হুসনা জানায় গৃহকত্রী মনি তখন অচেতন বা মৃত অবস্থায় ছিল। এরপর শ্যামল তাকে চেয়ার এনে ফ্যানের সঙ্গে ওড়না বাঁধতে বলে। তিনবার বলার পর হুসনা চেয়ারে দাঁড়িয়ে ওড়না ফ্যানের সঙ্গে বাঁধে। শ্যামল তখন মনির গলায় ওড়নার অপরপ্রাপ্ত বেধে তাকে ঝুলিয়ে দেয়।
হুসনা আরও অভিযোগ করেন, সন্ধ্যায় তাকে ক্যান্টনমেন্ট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলে কয়েকজন পুলিশ তাকে শ্যামলের শেখানো কথা না বললে 'খবর করে দেওয়া হবে' বলে হুমকি দেয়।
সানি জানান, তার বাবার ব্যবসায়ী হিসেবে পরিচয় থাকলেও আসলে তিনি কী করতেন তা তারা পুরোপুরি জানতেন না। মায়ের হত্যাকাণ্ডের কয়েকদিন আগে একজন তরুণিকে নিয়ে বাবার কেলেঙ্কারির ঘটনা বাবার বায়িং হাউজের বাড়িওয়ালার হাতে ধরা পড়ে। তার মা বিষয়টির ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েই খুন হয়েছেন।
তিনি অভিযোগ করেন, তার বাবার সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উঠাবসা ছিল। একাধিকবার তার সন্ত্রাসের কাহিনী নিয়ে পত্রিকায় প্রতিবেদনও হয়েছে। তবে তারা বা তার মা এ নিয়ে কিছু বললেই শুরু হতো অত্যাচার। এ কারনে তারা কিছু বলতেন না।
সংবাদ সম্মেলনে সানির নানী রাবেয়া খাতুন তার কন্যা হত্যার বিচার দাবি করেন।
এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানার শীর্ষ দ্বিতীয় কর্মকর্তা উপ--পরিদর্শক মোহাম্মদ হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ছেলে ও মেয়ের উপস্থিতিতে ওই মহিলা ফাঁসি লাগিয়েছে। তবে তার ছেলে এটাকে হত্যা বলে দাবি করলে আমরা হত্যা মামলা গ্রহন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক স্পষ্টভাবে বলেছেন ওই মহিলা 'ফাঁসি দিয়ে আত্মহত্যা' করেছেন। চিকিৎসকরা যদি বলেন আত্মহত্যা তবে আমাদের কী করার আছে। এখন আমরা মামলার আসামি, ওই মহিলার স্বামী ওবায়দুর রহমানকে খুঁজছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খান এখন ছুটিতে রয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০৫৫ ঘ.
bdnews24