নোয়াখালী, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও দৈনিক জনজণ্ঠের স্টাফ রিপোর্টার কামাল উদ্দীন আহম্মেদ সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলে রেখে যান।
মঙ্গলবার ভোরে ঢাকা থেকে কামাল উদ্দীন আহম্মেদের মরদেহ নোয়াখালী জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসভবনে আনা হলে সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সকাল ১০ টায় তার মরদেহ নোয়াখালী প্রেসক্লাবে আনা হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর কবির চৌধুরীর উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে জেলা জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে জাতীয় পতাকায় আচ্ছাদিত তার মরদেহ নিজ গ্রাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভবানীগঞ্জের আব্দুল্যাহপুরে নিয়ে দাফন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২০ ঘ.
bdnews24