বান্দরবান, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচির খিবুরিপাড়া থেকে অপহৃত ডানিডার প্রোগ্রাম অফিসার হোসেন শহীদ সুমনকে ৮ দিনেও উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারের জন্য বান্দরবান সদর থেকে আরো শতাধিক সেনা সদস্যকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এছাড়া, অপহরণ ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মশুরাম ত্রিপুরা মাস্টার, কীর্তিনিশান চাকমাসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। অপহরণের সঙ্গে ডানিডার ফান্ডপ্রাপ্ত স্থানীয় বেসরকারি সংস্থা অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্র" নেলীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
বান্দরবানের এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখন ইয়াংরাই এলাকায় অভিযান চালানো হচ্ছে। আরো শতাধিক সেনা সদস্যকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে ড্যানিশ অ্যাম্বাসির প্রফেশনাল সুপারভাইজার ওয়েরোনোয়ানো সোমবার বান্দরবান এসেছেন। গত বুধবার থেকে ডানিডার ঢাকা অফিসের কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্রোনি জারজেনসন, হ্যান্স হোপমায়ার ও আসাদুজ্জামান বান্দরবানে অবস্থান করছেন।
প্রসঙ্গত গত ২৫ জুন থানচির খিবুরিপাড়ায় একটি অনুষ্ঠান থেকে ডানিডার প্রোগ্রাম অফিসার হোসেন শহীদ সুমন ও গাড়ি চালক মো. হানিফকে অপহরণ করে নৌকায় করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় ১২ জনের একটি দল। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৪৪ ঘ.
bdnews24