ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমামলার আওতায় দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে চারদিনের রিমান্ড শেষে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার মহানগর হাকিম মো. শফিক আনোয়ার এই আদেশ দেন।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম সোমবার বিকেল পাঁচটায় রেদোয়ান আহমেদকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন। রিমান্ড ফেরতের আবেদনে সৈয়দ নজরুল ইসলাম বলেন, "রেদোয়ান আহমেদ তার দুর্নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে।"
এসময় রেদোয়ান আহমেদের আইনজীবী আব্দুল্লাহ মাহমুদ হাসান তার জামিনের আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম মো. শফিক আনোয়ার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে রেদোয়ান আহমেদের সুচিকিৎসার ব্যবস্থা ও কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ারও নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/২৩২৪ ঘ.
bdnews24