কুমিল্লা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লায় পুলিশ হেফজতে রোববার রাতে মুন্সী মনসুর আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ দাবি করেছে, রিমান্ডে থাকা অবস্থায় মনসুর আলী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। তবে নিহতের ছেলে জয়নাল আবেদিন অভিযোগ করেছেন, পুলিশের নির্যাতনেই তার বাবার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনসুর আলী শহরের শাসনগাছা এলাকায় পুলিশের হয়ে চাঁদা তোলার কাজ করতেন। তবে কয়েক মাস আগে পুলিশ তাকে এ কাজ থেকে বাদ দেয়।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, "কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় মাদক বিক্রেতাদের কাছ থেকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নামে চাঁদা তোলার অভিযোগে ২৭ জুন মনসুর আলীকে গ্রেপ্তার করা হয়। ২৮ জুন তাকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার রাত ২ টায় মনসুর আলীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।"
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন জানান, রাতে মনসুরকে হাসপাতালে ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়। পরে রাত ২ টা ১৫ মিনিটে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
তপন চন্দ্র সাহা জানান, পুলিশ মনসুর আলীর আগেকার হৃদরোগের প্রতিবেদন সংগ্রহ করেছে।
এদিকে নিহতের ছেলে জয়নাল আবেদিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, পুলিশের নির্যাতনেই তার বাবার মৃত্যু হয়েছে। তবে তিনিও জানান, তার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, মুন্সি মনসুর আলী শাসনগাছা এলাকায় পুলিশের হয়ে চাঁদা তোলার কাজ করতেন। এলাকায় তিনি পুলিশের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। তবে কয়েকমাস আগে তাকে একাজ থেকে বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24