ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )-- সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল সংশোধন করতে সপ্তম পে কমিশন গঠন করার চিন্তাভাবনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ আভাস দিয়েছেন। মূল্যস্ফীতি, বাজার দর ও দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিচার করে বর্তমান বেতন স্কেল পর্যালোচনা করবে এ কমিশন।
উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটি পে-কমিশন গঠনের বিষয়টি আমি গভীরভাবে চিন্তাভাবনা করছি। তবে কোন স্থায়ী পে- কমিশন গঠন করা হবে না।"
বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ষষ্ঠ পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন। পে স্কেল রয়েছে ২০টি । এতে সর্বোচ্চ বেতন ২৩ হাজার টাকা এবং সর্বনিু বেতন দুই হাজার ৪০০ টাকা। ২০০৫ সালের জানুয়ারী মাসে কার্যকর হয় এ স্কেল। বাংলাদেশে পাঁচ বছর অন্তর বেতন কমিশন গঠন করার রীতি রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার আমলে সাবেক সচিব সামসুল হকের নেতৃত্বে গঠিত প্রশাসন সংস্কার কমিশন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের নেতৃত্বে গঠিত পঞ্চম ও ষষ্ঠ পে-কমিশন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পর্যলোচনা করার জন্য স্থায়ী পে- কমিশন গঠন করার সুপারিশ করেছিল। কিন্তু ওই সুপারিশ আজও বাস্তবায়িত হয়নি।
স্থায়ী পে-কমিশন গঠনের ব্যাপারে ওই তিন কমিশনের সুপারিশে বলা হয়েছিল: বাজার দর, মূল্যস্ফীতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে নির্ধারিত সময় অন্তর বেতন স্কেল সংশোধনের সুপারিশ করবে স্থায়ী পে- কমিশন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএইচবি/২০৩৬ ঘ.
bdnews24