ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক দলগুলোতে সংস্কারের পর নির্বাচনী আইনের খসড়া নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।
সোমবার বিকালে নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, তবে এর আগে ঘরোয়া রাজনীতি চালু হতে হবে।
কমিশনার বলেন, "দলগুলোর সঙ্গে নির্বাচনী আইনের খসড়া নিয়ে আলোচনা করার জন্য ঘরোয়া রাজনীতি চালু হওয়া ও দলগুলোর নিজেদের সংস্কার -- দুটোই সম্পৃক্ত।"
দলগুলোর সঙ্গে আলোচনার প্রশ্নে তিনি আরো বলেন, "আমরা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার প্রস্তাব দিয়েই রেখেছি। এ বিষয়ে আমরা তো বলছিই; কিন্তু কী প্রক্রিয়ায় তাদের ডাকা হবে, সেটা বের করতে হবে। আগে দলগুলো স্থিতিশীল হোক। কার সঙ্গে আমরা আলোচনা করবো, দলগুলোকে তাদের প্রতিনিধি ঠিক করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৮০৫ ঘ.
bdnews24