২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে বিদেশ পাঠানোর পরামর্শ চিকিৎসকদের

ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টারের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দীন কাদের চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টারের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দীন কাদের চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সালাউদ্দীন কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সোমবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাকসুমুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীর অবস্থা রোববারের চেয়ে ভাল। তবে যে কোনো মূর্হুতে খারাপ হতে পারে। বাইপাস অস্ত্রাপচারের জন্য রোগীকে বিদেশে নিতে হবে। চিকিৎসকদের বোর্ড তাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।" ডা. মাকসুমুল আরো জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ধমনীতে আগে থেকেই পাঁচটি স্টেন্ট (বেলুন হিসেবে পরিচিত) বসানো রয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসকরা তাকে আগেই 'আইভাস' করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সময়মত তা করতে না পারায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সালাউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা উদ্বিগ্ন। বাবাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের অনুমতির চেষ্টা চলছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/জেকে/জিএনএ/১৭০৬ ঘ.