ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল মৌসুমী বায়ু প্রবাহ এবং গভীর বজ্র মেঘ বা সঞ্চালনশীল মেঘমালার অবস্থানের কারণে বন্দর সমূহের উপর দিয়ে সোমবারও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রায় সবকটি জেলায় সোমবার কমবেশি বৃষ্টি হতে পারে।
মৌসুমী বায়ুর প্রভাবের কারণে আবাহাওয়া অফিস থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকারও কথা বলা হয়েছে।
এদিকে, ঝলমল রোদ সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙলেও দিনের মাঝামাঝি শুরু হয় ঝিরঝির বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টির কারণে স্থানে স্থানে দেখা গেছে যানজট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/১২২৯ ঘ.
bdnews24