ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ) -- ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে। রোববার পুনর্গঠিত সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসি'র চেয়ারম্যান ড. সা'দত হুসাইন সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ২৯ জুলাই থেকে শুরু করার সিদ্ধন্ত নেওয়া হয়েছে। এ পরীক্ষার ব্যাপারে আগে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছিল তা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।"
সা'দত হুসাইন আরো জানান , পরীক্ষা চলার সময় মৌখিক পরীক্ষা বোর্ডের সকল সদস্যের সেল ফোন যাতে বন্ধ থাকে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।
পিএসসি কর্মকর্তারা জানান, চার মাসব্যাপী চলবে এ পরীক্ষা।
এর আগে গত ৩০ মে উপদেষ্টা পরিষদের এক সভায় সরকারি কর্মকর্তা নিয়োগের পরীক্ষাটির মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য সরকারি কর্মকমিশনকে অনুরোধের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
২৭তম বিসিএস সম্পর্কে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জনমনে আস্থা পুনরুদ্ধার ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছিল বলে ওই সময়ের সরকারি তথ্য বিবরণীতে বলা হয়।
২০০৫ সালের ২৮ জুন ১৭৭৬টি শূণ্য পদে নিয়োগের জন্য ২৭তম বিসিএস এর বিজ্ঞাপন দেওয়া হয়। ১ লাখ ৩৬ হাজার ১০৫ জন প্রার্থী আবেদন করে। যাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৩৯ জন ২৮ নভেম্বরর প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। ২০০৫ সালে ৪ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়। সাড়ে ২৬ হাজার প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। ২০০৬ সালের ১৮ মার্চ লিখিত পরীক্ষা শুরু হয়। ফল প্রকাশিত হয় ১৭ আগস্ট। মৌখিক পরীক্ষার জন্য ডাক পান ১৬ হাজার ৪১৮ জন প্রার্থী।
এদের মধ্যে ৩ হাজার ৫৬৭জনকে উত্তীর্ণ ঘোষণা করে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। চলতি বছরের ফেব্র"য়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তা স্থগিত করা হয়। পরে ৭ এপ্রিল থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হলেও ১৮ এপ্রিল তা স্থগিত করে সংস্থাপন মন্ত্রণালয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জিএনএ/১১২৩ ঘ.
bdnews24