২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সূত্রাপুরে ৫ কেজি হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি হেরোইনসহ আট জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 05:48 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি হেরোইনসহ আট জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সূত্রাপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের দাম প্রায় পাঁচ কোটি টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন সীমা আক্তার (২৮), মঞ্জু ভূঁইয়া (৩০), শহিদুল ইসলাম (২২), মো. আলাউদ্দিন (২৫), পারভীন বেগম (২৫), মো. সেলিম (২৮), তানিয়া বেগম (৩৫) ও ইতি আক্তার ইভা (১৮)। সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ফজলুর রহমান ও মকুল জ্যোতি চাকমার নেতৃত্বে একটি দল শনিবার রাত ১০টার দিকে সূত্রাপুরের নবাব স্ট্রিটের গাজী ভিলায় অভিযান চালায়। ওই ভবনের পাঁচটি কক্ষে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে ৬৮০ প্যাকেট হেরোইনসহ ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় হেরোইন মাপার একটি ইলেকট্রনিক নিক্তি, প্যাকেটজাত করার দুটি সিলিং মেশিন, দুটি মোবাইল ফোন সেট এবং হেরোইন বিক্রির হিসাবসহ একটি ডায়রিও উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধার করা হেরোইনের ওজন প্রায় পাঁচ কেজি। দাম প্রায় পাঁচ কোটি টাকা। তিনি আরো জানান, উদ্ধার করা হেরোইন যশোরের বেনাপোল হয়ে দেশে ঢুকেছে বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩১৮ ঘ.