সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে থাকা একটি মর্টারশেল বিস্ফোরণে দুই শিশুসহ চার জন আহত হয়েছেন। রোববার বেলা দুই টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন শিব্বির আহমদ (৩৫), জাকারিয়া আহমদ (২২), মাহবুবুর রহমান (১১) ও মীনা বেগম (৯)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিআর ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল হাফিজ আহমদ জানান, রোববার দুপুরে উত্তরকুল সীমান্তের বারোঠাকুরি ইউনিয়নের সালেহপুর গ্রামের শিব্বির আহমদ তার বাড়ির উঠোনে গাছ কাটার সময় মাটির নিচ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় শিব্বির আহমদসহ বাড়ির উঠানে থাকা মীনা বেগম, মাহবুবুর রহমান ও জাকারিয়া আহমদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
তিনি বলেন, মাটির নিচে মার্টারশেল ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এ থেকেই বিস্ফোরণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের একদল সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদেন্দু ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২০০৬ সালের আগস্ট মাসে সীমান্তের ওই এলাকায় বিডিআর-বিএসএফের মধ্যে গোলাগুলি হওয়ার সময় কোনও মর্টারশেল হয়তো মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল, যা এখন বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৫৭ ঘ.
bdnews24