বরিশাল, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিদ্যুতের বিল খেলাপির অভিযোগে দায়ের করা একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান এবায়েদুল হক। তখন বিচারক মো. শফিউদ্দিন আহম্মেদ সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরিশাল জেলা পিপি মীর্জা সালাহ্ উদ্দিন জানান, নগরীর সদর রোডে এবায়দুল হক চাঁনের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ১৬ লাখ ৬ হাজার ১৭৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১১ জানুয়ারি বরিশাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. বশিউজ্জামান আদালতে চাঁনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার পর গত ২২ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন এবায়েদুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24