ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অভিন্ন চাকরিবিধির আওতায় চাকরি স্থায়ী করার জন্য কর্তৃপক্ষকে এক মাস সময় বেঁধে দিয়ে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের (বারডেম) চিকিৎসকরা। কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার তারা এই সিদ্ধান্ত নেন।
হাসপাতালটির অভ্যন্তরীণ বিভাগের চিকিৎসকরা আদের আগের ঘোষণা অনুযায়ী রোববার সকাল পৌনে ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে হাসপাতালের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউদ্দীন আহমেদসহ কয়েকজন বিশেসজ্ঞ চিকিৎসক এক মাসের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সকাল ১০টার পর কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা।
আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসক ডা. নাজিমুল ইসলাম জানান, সকালে তারা কাজে যোগ না দিয়ে পৌনে ৮টার দিকে বারডেমের তিন তলার মিলনায়তনে জাড়ো হতে শুরু করেন। তাদের দাবি ছিল- শনিবার বাংলাদেশ ডায়েবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো আনুষ্ঠানিকভাবে দুইদিনের মধ্যে অফিসের প্যাডে লিখিত আকারে চিকিৎসকদের জানাতে হবে। এছাড়া ৩০ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ চাকরি বিধির আওতায় তাদের চাকরি স্থায়ী করতে হবে এবং আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া যাবে না।
সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মহাপরিচালক ও ক্লিনিকাল সার্ভিস বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুন নাহার আন্দোলনরত চিকিৎসকদের দাবি পূরণের প্রতিশ্র"তি দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
এদিকে হাসপাতালের অনুসন্ধান বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করার পর হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। রোববার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬০ জন রোগী ভর্তি হয়েছেন বলে অনুসন্ধান বিভাগে কর্তব্যরতরা জানান। তবে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ চাকরি বিধির আওতায় চাকরি স্থায়ী করার দাবিতে বারডেম হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রারসহ প্রায় তিনশ চিকিৎসক ২৫ জুন সোমবার থেকে টানা চারদিনের কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষের প্রতিশ্র"তির পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি দুইদিনের জন্য স্থগিত করেন। কর্তৃপক্ষ দাবি না মানলে রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে কাজে যোগ দেন তারা।
শনিবার বাংলাদেশ ডায়েবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে চিকিৎসকদের চাকরির মেয়াদ তিনবছর পরপর বাড়ানো, চাকরি স্থায়ী করার জন্য আইন তৈরি এবং অভিন্ন চাকরিবিধির প্রক্রিয়া চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এরপরই চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের সম্ভবনা তৈরি হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৬৪১ ঘ.
bdnews24