দিনাজপুর, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্কাউট আন্দোলনের শত বর্ষ পূর্তিতে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে পরিচালিত 'জাম্বুরী অন দ্য ট্রেন' কর্মসূচি শেষ করে রোববার সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেছে।
শনিবার দিনাজপুর পৌঁছনোর পর জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহাতাঁবু জলসা। রোববার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে স্কাউটসরা। পরে স্থানীয় জনসাধারণের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ এবং দিনাজপুর রেল স্টেশনে ডাস্টবিন স্থাপন করা হয়।
এরপর জিলা স্কুল মিলনায়তনে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার মিহির কান্তি মজুমদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ড. শাহ্ মো. ফরিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারত ও নেপাল থেকে আসা প্রতিনিধিরা।
এরপর বিশেষ ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে দিনাজপুর ছাড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩১ ঘ.
bdnews24