ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 'সংস্কার' এর পক্ষ-বিপক্ষ বিচার করা হবে না বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা আব্দুল মতিন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "দুর্নীতিবাজ দুর্নীতিবাজই। তারা সংস্কারের পক্ষে থাকুক বা নাই থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
'সংস্কার' এর পক্ষে কথা বলা অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।
প্রত্যক্ষ রাজনীতি থেকে এরশাদের সরে যাওয়াকে সমর্থন করে তিনি বলেন, "নিজে থেকে যারা সরে যাচ্ছেন, তারা অবশ্যই ভালো করছেন। নিজেদের মধ্য থেকেই সংস্কার হতে হবে। সংস্কার হতে হবে দলের ভেতর থেকে। দলের ভেতরে আগে গণতন্ত্র আনতে হবে।"
রাজনৈতিক দলগুলোতে সংস্কার প্রক্রিয়া শুরুকে ইতিবাচক বলেও মন্তব্য করেন উপদেষ্টা মতিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এমআই/১৫০৪ ঘ.
bdnews24