ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির সঙ্গে জড়িতরা আতঙ্ক থাকলেও সরকারের দুর্নীতি দমন কর্মসূচির প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেছেন জাতীয় দুর্নীতি দমন সমন্বয় কমিটির সমন্বয়ক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইংরেজি সাপ্তাহিক প্রোব আয়োজিত ''দুর্নীতি দমন অভিজ্ঞতা বিনিময়'' শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ উদ্দিন তার বক্তব্যে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্নীতি দমন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িতরা এখন আতঙ্কে থাকলেও দুর্নীতি দমন কর্মসূচির প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।"
সেমিনারে পাকিস্তানের কলাম লেখক ইকরাম সিগাল প্রধান বক্তা হিসেবে পাকিস্তানে দুর্নীতির বিরুদ্ধে পরিচালিত অভিযান ও কার্যক্রম তুলে ধরেন।
আলোচকদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মো. ইব্রাহীম বলেন, "দুর্নীতি দমন কমিশনকে ব্যক্তিনির্ভর না করে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলতে হবে। আর তা হলে লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে- এ প্রবাদ বাক্যটি আমরা বাস্তবায়ন করতে পারব।"
সেমিনারে অন্যদের মধ্যে অর্থনীতিবদ ড. হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক শমসের আলী ও প্রোব এর প্রধান সম্পাদক ইরতিজা নাসিম আলী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24