দিনাজপুর, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শনিবার প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে স্থানীয় সন্ত্রাসীদের হাতে শিক্ষানবিশ চিকিৎসক দীপংকর চক্রবর্তী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ওই ধর্মঘট ডাকা হয়।
শনিবার বেলা ১২টার দিকে ধর্মঘটি চিকিৎসক এবং কর্মকর্তা--কর্মচারীদের সঙ্গে সিভিল সার্জন ডা. আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ধর্মঘটীদের দাবি মেনে নেওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
তাদের দাবি অনুযায়ী চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় সিভিল সার্জন বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া সভায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন তিনি।
সিভিল সার্জন আজিজার রহমান জানান, দুপুুর থেকে হাসপাতালে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। চিকিৎসক, কর্মকর্তা--কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। চিকিৎসকদের দাবি অনুযায়ী তিনি নিজে বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৪০ ঘ.
bdnews24