ফরিদপুর, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া জোরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ যাত্রী।
নিহতদের মধ্যে বাসের হেলপার শিবির হোসেন ছাড়া বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি। শিবির হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মরেশ কর্মকার জানান, রাত ১২টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে খুলনামুখী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পাঁচ যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ছাড়া পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলেও জানান তিনি।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১১৫০ঘ.
bdnews24