ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও রাজবাড়ীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সীতাকুন্ডের কুমিরা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত এবং দুই জন আহত হন।
সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক শামসুদ্দিন মো. খোরশেদ জানান, কুমিরার জোড় আমতলা বাজারের কাছে সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী শফিউল আলম (৩৫) ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই আরোহী নিহত হন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া নামক স্থানে শুক্রবার দুপুরে একটি মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই নারী মারা যান।
সরাইল থানার শাহবাজপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আবু দাউদ জানান, দুপুর ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক ফোরছান বেগম (৫৫) ও লুৎফা বেগম (৩০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা ওই সময় রাস্তার পাশে পাট রোদে দিচ্ছিলেন।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে। নিহদের লাশ ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সরাইল থানায় একটি মামলা হয়েছে।
রাজবাড়ী: জেলার পাংশা-- সড়কের শ্যামসুন্দর এলাকায় শুক্রবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মারুফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মারুফ বোয়ালিয়া ইউনিয়নের জাগীর মালঞ্চের লোকমান শেখের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, পাংশা থেকে বালিয়াকান্দী যাওয়ার পথে বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারুফ মারা যায়।
এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার নিমসার নামক স্থানে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মনিরুল ইসলাম (১৮) নামে এক কিশোর মারা গেছে।
নিহতের স্বজনরা জানান, নিমসার বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস মনিরকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির নিমসারের শিকারপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/এমআই/১৮২৬ ঘ.
bdnews24