বরিশাল, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারের মুদী দোকানি নান্টু হাওলাদারকে(২৫) খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান।
নান্টু মোল্লারহাট বাজার সংলগ্ন এলাকার আবুল হাওলাদারের ছেলে।
নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন তালুকদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, প্রতিদিনের মতো নান্টু তার দোকানে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা দোকানের বেড়া ভেঙ্গে ধারালো অস্ত্র দিয়ে নান্টুকে কুপিয়ে ফেলে রেখে যায়। সকালে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৬ ঘ.
bdnews24