সিলেট, জুন ২৭ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে।
বুধবার সিলেট আমলি আদালত-১ এ মামলাটি করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের মাসুক মিয়া।
ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহ অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় শাহীনূর পাশা চৌধুরী ছাড়াও মামলায় শফিক মিয়া, মাহবুব আলম ও চুন্নু মিয়া নামের আরও তিন ব্যক্তিকে আসামী করা হয়েছে।
এজাহারে বলা হয়, সাংসদ থাকাকালে জয়দা গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য অপর তিন আসামীর মধ্যস্থতায় ২০০৬ সালের ৭ জুলাই মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ৫০ হাজার টাকা নেন। ওই টাকা পেয়ে এক মাসের মধ্যে গ্রামে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন শাহীনূর পাশা।
মাসুক মিয়া অভিযোগ করেন, কাজ না হওয়ায় চলতি বছরের ২২ ফেব্র"য়ারি শাহীনূর পাশার সিলেটের বাসায় এসে যোগাযোগ করা হলে 'এখন আমার ক্ষমতা নাই, সুতরাং বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পারবো না, ভবিষ্যতে ক্ষমতায় গেলে ব্যবস্থা করবো' বলে প্রসঙ্গ এড়িয়ে যান সাবেক এ সাংসদ। গত ২৩ জুন ওই টাকা ফেরত চাইলে শাহীনূর পাশা গালাগালি করেন এবং টাকা দেবেন না বলে জানিয়ে দেন।
এলাকা সুনামগঞ্জ হলেও টাকা লেনদেন সিলেট শহরে হওয়ায় এখানে মামলা করা হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ আসন শূন্য হলে ২০০৫ সালের ২০ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.
bdnews24