বান্দরবান, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহৃত ডানিডা কর্মী হোসেন শহীদ সুমন ও মো. হানিফকে উদ্ধারে বান্দরবানের পাহাড়ি এলাকায় যৌথভাবে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিডিআর ও পুলিশ।
অপহরণকারীরা আস্তানা গাঁড়তে পারে- এমন এলাকাগুলো সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা ঘিরে রেখেছে বলে জানিয়েছেন বলিপাড়া বিডিআর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোয়াজ্জেম। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী বুধবার সকাল থেকে অভিযান জোরদার করেছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিকাল থেকে হেলিকপ্টার নিয়ে ২০০ সেনাসদস্যের দল ওইসব এলাকায় অভিযান শুরু করেছে। ব্যাপক অভিযানের ফলে সন্ত্রাসীরা দূরে সরে পড়তে পারেনি বলে তারা মনে করছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ, পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা থানচি পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ জানান, অপহৃতদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খিবুরি পাড়া এলাকাসহ আশেপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ধারে কোনও ধরনের শৈথিল্য দেখানো হবে না।
এদিকে কর্মকর্তা অপহরণের ঘটনায় ডানিডার ঢাকা অফিসের প্রধানসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার বান্দরবান আসছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অপহরণকারীরা মিয়ানমারের 'পিপলস পার্টি অব আরাকান' বা পিপিএ এর সশস্ত্র সন্ত্রাসী বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, অপহরণকারীরা ডানিডা কর্মীদের তুলে নেওয়ার সময় মারমা ভাষায় লেখা একটি চিঠি দিয়ে যায়। ওই চিঠির সূত্র ধরেই ধারণা করা হচ্ছে ওই অপহরণকারীরা পিপিএ সদস্য।
এদিকে স্থানীয় এনজিও হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, অজ্ঞাতস্থান থেকে মারমা ভাষায় লেখা এক চিঠিতে অপহৃতদের মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার বিকালে থানচি উপজেলার খিবুরিপাড়া এলাকা থেকে শহীদ সুমন ও মো. হানিফকে অপহরণ করা হয়। ডানিডার অর্থায়নে পরিচালিত স্থানীয় তিনটি এনজিও এর কার্যক্রম পরিদর্শনে যান শহীদ সুমনসহ স্থানীয় এনজিও ইকো-ডেভেলপমেন্ট, তৈমু ও হোপব্রিজ এর কর্মকর্তারা।
স্থানীয় এনজিও কর্মী সুপল চাকমা ও অমর চাকমা জানান, প্রকল্প এলাকা থেকে ফেরার পথে ১০/১২ জনের একটি সশস্ত্র দল প্রতিনিধি দলের গতিরোধ করে এবং ডানিডার বিদেশি এক জন কর্মকর্তার নাম ধরে খুঁজতে থাকে। এরপর শহীদ সুমন এবং গাড়িচালক মো. হানিফকে অস্ত্রের মুখে তুলে ইঞ্জিনচালিত নৌকা যোগে নদী পথে চলে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24