টাঙ্গাইল, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাবার অনুপযোগী ৩৯ টন গম আটক করেছে পুলিশ। এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সরেজমিনে পরীক্ষা শেষে বুধবার বেলা ১২ টার দিকে ওই পচা গম শনাক্ত এবং ব্যবসায়ী নজরুল ইসলামকে পুলিশে তুলে দেয়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, পৌর এলাকার অলোয়া তারিনী গ্রামের ফজলুল হকের ছেলে পলাশ আল মাসুদ, তার চাচাতো ভাই নজরুল ইসলাম ও বরুহা চরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে আপেল মাহমুদ ৩৯ টন গম চট্টগ্রাম থেকে কিনে আনেন। সোমবার এক ট্রাক এবং মঙ্গলবার দুই ট্রাকে আনা ওই গম বুধবার সকালে ভাল্লুককান্দি পরিত্যক্ত বিমানবন্দরে শুকিয়ে নতুন বস্তায় ভরার সময় এলাকাবাসী দেখে পুলিশ ও স্বাস্থ্য বিভাগে খবর দেয়।
পরে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আজিজুল হক খান গমগুলো পরীক্ষা করে খাবার অনুপযোগী জানালে পুলিশ তা আটক এবং নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে নজরুলের সহযোগী অপর দুই ব্যবসায়ী পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24