ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের মামলার অভিযোগ গঠনের জন্য আগামী দুই জুলাই তারিখ ঠিক করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এ তারিখ ধার্য করেন।
মামলাটির বিচারের জন্য আজিজুল হক ঢাকার মহানগর নবম বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুরের কাছে পাঠিয়ে দিয়েছেন। আগামী ২ জুলাই আসামীর উপস্থিতিতে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে সৈয়দ জাহেদ মনসুরের আদালতে বিচার শুরু হবে।
এদিকে একইদিনে বাবরের অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করবেন বলে বাবরের আইনজীবি সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন।
গত ২৪ জুন গুলশান থানার উপ পরিদর্শক কবির হোসেন মামলার তদন্ত শেষে অস্ত্র আইনের ১৯(ক) এবং ১৯(চ) ধারায় বাবরের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৬ জুন ঢাকার মহানগর হাকিম শামসুল আলম মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র বিশেষ আদালতে পাঠানোর আদেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24