ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে তারেক রহমানের দাখিল করা সম্পত্তির হিসাবের ব্যাপারে নথিপত্র নিয়ে কমিশনের সামনে হাজির হতে আরও কয়েকদিন সময় চেয়েছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবালমান্দ বানু। মঙ্গলবারের মধ্যে তাদের কমিশনে হাজির হয়ে নথিপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল।
কমিশনের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক জহিরুল হুদা এই তথ্য জানিয়েছেন।
১০ জুন কমিশনে জমা দেওয়া তারেক রহমানের হিসাব বিবরণীতে যে পরিমান সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে, এর বেশিরভাগই তাকে ও তার স্ত্রীকে শাশুড়ির দেওয়া উপহার বলে জানানো হয়। এই দাবির সপক্ষে নথিপত্র উপস্থাপন করতে গত রোববার তারেকে স্ত্রী ও শাশুড়িতে নোটিশ পাঠায় কমিশন।
কমিশনের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক জহিরুল হুদার পাঠানো নোটিশ অনুযায়ী মঙ্গলবার তাদের কমিশনে হাজির হওয়ার কথা। সূত্র জানায়, তারেকের পরিবারের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে নথিপত্র উপস্থাপনের অনুমতি চাওয়া হয়। কমিশন ওই প্রস্তাবে সম্মত না হয়ে ওই দুইজনকে সশরীরে কমিশনে হাজির হওয়ার পরামর্শ দেয়।
জহিরুল হুদা সাংবাদিকদের জানান, ডা. জোবায়দা রহমান ও ইকবালমান্দ বানুর সময় চেয়ে আবেদনটি তাদের প্রতিনিধি বিকেলে কমিশনে পৌঁছে দেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু সময় দেওয়া হতে পারে।
ওই হিসাব বিবরণীর তথ্যের সূত্র ধরে তারেক রহমানকে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য কমিশনের তদন্তকারী দল ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়েছে। তার স্ত্রী ও শাশুড়ির বক্তব্য শোনার পরই তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দলটি কারাগারে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24