২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেটে গ্রেপ্তার তিন বন কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম ও সিলেটে গ্রেপ্তারকৃত তিন বন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেটে গ্রেপ্তারকৃত তিন বন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা ও উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান এবং বিভাগীয় বন কর্মকর্তা (রাঙ্গামাটি) অসিত রঞ্জন পালকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকী। দেওয়ান জাফরুল হাসান সোমবার দুপুরে পতেঙ্গার র‌্যাব কার্যালয়ে আত্মসমর্পণ করলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, অসিত রঞ্জন পালকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর হাকিম মোকছেদুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ জানান, গ্রেপ্তারকৃত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) লস্কর মাকসুদুর রহমানকে মঙ্গলবার রাতে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট কোতোয়ালি থানায় তুলে দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে আদালতে পাঠানো হলে বিচারক সোহরাব হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত পৌনে ৯টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে লস্কর মাকসুদুর রহমান ঘুষ লেনদেনের অভিযোগ স্বীকার করেন বলে র‌্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন বিডি নিউজ টুয়েন্টিফোরকে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/২২০৫ ঘ.