চট্টগ্রাম, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার বজলুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আটকাদেশ জারি করা হয়েছে। সোমবার দুপুরে নগর গোয়েন্দা শাখার কর্মকর্তারা কারাগারে এসে আটকাদেশের কপি পৌঁছে দেন। দুপুর থেকেই সরোয়ার জামাল নিজামের আটকাদেশ কার্যকর করা হয়েছে।
সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামকে গত বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়ার পথে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাকে র্যাব-৭ এর কাছে হস্তান্তর করা হয়। র্যাব তার গাড়ি তল্লাশি করে ৩ বোতল বিদেশি মদ ও পাঁচ ক্যান বিয়ার উদ্ধার করে।
শুক্রবার রাতে সরোয়ার জামাল নিজামকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই রাতেই সরোয়ার জামাল নিজাম ও তার গাড়ির চালক মামুনুর রশীদের বিরুদ্ধে মদ রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে র্যাব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/২৩৪৮ ঘ.
bdnews24