চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়ি এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে নতুন কোনও আবাসন প্রকল্প এবং ১০ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের অনুমোদন না দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি।
কমিটির সুপারিশে পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে মামলা দায়ের এবং দায়ের হওয়া মামলাগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমান রোববার এ তথ্য জানিয়েছেন।
গত ১১ জুন চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জন নিহত হওয়ার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি পাহাড় ধসের কারণ ও এতে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অপর কমিটি পাহাড়তলীতে দেওয়াল ধসের বিষয় নিয়ে কাজ করে।
দুটি কমিটিরই আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম এ এন সিদ্দিক রোববার সকালে বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমানের কাছে প্রতিবেদন দুটি জমা দেন। প্রতিবেদন দুটি রোববারই প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার কাছে পাঠানো হবে বলে জানান মোখলেসউর রহমান।
কমিটির সুপারিশগুলোর উল্লেখযোগ্য অংশ সাংবাদিকদের জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, "যে কোনও মূল্যে চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করতে হবে। গত ১০ বছরে সরকার কাউকে পাহাড় কাটার অনুমতি দেয়নি। এরপরও চট্টগ্রামে বিপুল পরিমাণ পাহাড় কাটা হয়েছে।"
তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে পাহাড় কাটা বন্ধে প্রভাবশালী ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের দুর্বৃত্তায়ন রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় এড়াতে পাহাড়ের ভূ-প্রাকৃতিক গঠন অনুযায়ী পাহাড় ব্যবস্থাপনার সুপারিশ করা হয়।
সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও সিটি কর্পোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাধ্যতামূলক পাঁচ শতাংশ পাহাড় ব্যবস্থাপনার জন্য বরাদ্দ রাখা, সরকারি ও বেসরকারি মালিকাধীন ভূমিতে বনায়ন কার্যক্রম জোরদার করা, ক্ষতিগ্রস্ত পাহাড়ের পাদদেশে গাইড ওয়াল, পানি নিষ্কাশন ও সীমানা প্রাচীর নির্মাণ এবং পাহাড়ি এলাকা থেকে বালি উত্তোলন নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদন দুটিতে।
এর পাশাপাশি পাহাড় কাটা বিষয়ক মামলা রুজু, তদন্ত ও বিচার সুষ্ঠু ও দ্রুততর করার জন্য পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে কমিটি।
কমিটির করা ৩৬টি সুপারিশের মধ্যে আরও রয়েছে, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি স্থাপন নিষিদ্ধ করে বনায়ন, বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন তাদের স্থানান্তর ও পুনর্বাসন, কোনও একক মন্ত্রণালয়কে পাহাড় কাটা কিংবা পাহাড়ের পাদদেশ কেটে স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান ক্ষমতা রহিত করা ইত্যাদি।
পাহাড় ধস এবং প্রাণহানির ঘটনার ২৮টি কারণ চিহ্নিত করেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বেশি ও ভারী বর্ষণের ফলে পাহাড় ধসই এ বিপর্যয় ও প্রাণহানির মূল কারণ।
এছাড়া বনায়ন কার্যক্রম না করা এবং শহর সংলগ্ন্ সীতাকুণ্ড, মীরসরাই ও হাটহাজারী উপজেলায় ২০০১ সাল থেকে চলমান পাহাড় বনায়ন কার্যক্রম পূর্ণ বাস্তবায়ন না করাকেও এ বিপর্যয়ের জন্য দায়ী করা হয়।
পাশাপাশি পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও সরকারের আমলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা, রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন সমর্থনে নির্বিচারে পাহাড় কাটা আবাসিক প্রকল্প গ্রহণ, পাহাড় ব্যবস্থাপনা ও পাহাড় কাটা নিয়ন্ত্রণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগের অভাবকেও দায়ী করেছে তদন্ত কমিটি।
অন্যদিকে, পাহাড়তলী বাজারসংলগ্ন রেলওয়ে কলোনিতে সীমানা প্রাচীর ধসে ১২ জনের নিহত হওয়ার জন্য অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণকে দায়ী করা হয়।
কমিটি রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি ও স্থাপনার দখলদার ও রেলওয়ের সুবিধাভোগী কর্মচারী ও ব্যক্তিদের ৩৮ জনের একটি তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এমএইচবি/১৯০৬ ঘ.
bdnews24