সাভার, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভার থানা পুলিশ রোববার সকালে বিরল প্রজাতির একটি বনরুই আটক করেছে। বনরুইটি দুপুরেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার বালুর মাঠ থেকে স্থানীয় জনতা একটি বিরল প্রজাতির বনরুই ধরে। সকাল ৯টার দিকে পুলিশ বনরুইটি থানায় নিয়ে আসে।
সকাল থেকেই বনরুই দেখার জন্য শত শত লোক থানায় ভিড় জমায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, বিরল প্রজাতির বনরুইটি দুপুর ২টার দিকে সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম শাহিনের সহযোগিতায় পুলিশ ভ্যানে করে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৬০৩ ঘ.
bdnews24