২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথবাহিনীর 'নির্যাতনে' কিশোরের মৃত্যু

রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর হেফাজতে থাকাকালে অসুস্থ হয়ে পড়া মো. জামাল নামে এক কিশোরের হাসপাতালে মৃত্যু হয়েছে। মো. কাজল নামে আরও এক জনের অবস্থাও আশঙ্কাজনক। যৌথবাহিনীর হেফাজতে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। একজন সেনা কর্মকর্তার বাড়িতে চুরির অভিযোগে জামাল (১৫) ও কাজল (১৮) কে বৃহস্পতিবার রাত একটার দিকে আটক করে যৌথবাহিনী। শুক্রবার বিকেলে তাদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 07:25 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর হেফাজতে থাকাকালে অসুস্থ হয়ে পড়া মো. জামাল নামে এক কিশোরের হাসপাতালে মৃত্যু হয়েছে। মো. কাজল নামে আরও এক জনের অবস্থাও আশঙ্কাজনক। যৌথবাহিনীর হেফাজতে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। একজন সেনা কর্মকর্তার বাড়িতে চুরির অভিযোগে জামাল (১৫) ও কাজল (১৮) কে বৃহস্পতিবার রাত একটার দিকে আটক করে যৌথবাহিনী। শুক্রবার বিকেলে তাদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়। কাফরুল থানার উপপরিদর্শক আলমগীর কবীর জানান, জামাল ও কাজলের অবস্থার অবনতি হলে রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা যায়। কাজল এখন সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডের বারান্দায় পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। জামালের মামা আলী আজগর অভিযোগ করেছেন, যৌথবাহিনীর সদস্যদের নির্যাতনেই জামালের মৃত্যু হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, জামালের শরীরে কোনও চিহ্ন পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট এবিএম আব্দুল ফাত্তাহ নিহত জামালের সুরতহাল করেন। আলী আজগর বলেন, আরো যাদের আটক করা হয়েছে তাদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, যৌথবাহিনীর সদস্যরা জামালকে একটি বস্তায় ভরে পিটিয়েছে। তিনি বলেন, "এ কারণেই জামালের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।" আলী আজগর আরো অভিযোগ করেন, যৌথ বাহিনীর সদস্যরা বস্তায় ভরা অবস্থায় জামলের বুকে বুট দিয়ে মাড়িয়েছে। এ কারণে তার ফুসফুসে পানি জমে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ড. এমএ কাশেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামালের তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তার ফুসফুসেও প্রচুর পানি জমেছিল। চাপা আঘাতের কারণে ফুসফুসে এভাবে পানি জমতে পারে।" এদিকে চুরির চেষ্টার অভিযোগে জামাল ও কাজলের বিরুদ্ধে কাফরুল থানায় শুক্রবার একটি মামলা করা হয়েছে। ওই মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত একটার দিকে এক সেনাকর্মকর্তার বাসায় চুরির চেষ্টার সময় জামাল ও কাজলকে আটক করা হয়। তবে জামাল ও কাজলের অভিভাবকরা দাবি করেছেন, তাদেরকে মিরপুর ১৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়। কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা রেজাউল করিম জানান, ঢাকা ক্যান্টনন্টের এমপি শাখার সার্জেন্ট মো. সিরাজুল ইসলাম শুক্রবার রাতে ওই দুই জনের বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, 'ক্যান্টনমেন্টের রজনীগন্ধা অফিসার্স কোয়ার্টারের ক্যাপ্টেন খোরশেদের বাসায় চুরির চেষ্টার সময় বৃহস্পতিবার রাতে কাজল ও জামালকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত আরো আটজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ১০ জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।' এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর কবীর জানান, ওই মামলায় আটক বাকি আটজনকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালে জামালের মামা মিরপুর ১৪ নম্বর চ্যাম্পিয়ন স্ট্যান্ডের চা দোকানী আলী আজগর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত একটার দিকে আমার দোকান থেকে জামালকে ধরে নিয়ে যায়। জামাল ওই সময় দোকানের একটি বেঞ্চে বসে ছিল।" তিনি জানান, জামাল ঢাকায় তার সঙ্গেই থাকতো এবং তার চা দোকানেই কাজ করতো। তিনি চুরির অভিযোগ নাকচ করে দেন। এদিকে আহত কাজলের বাবা ইয়াকুব আলী ও মা নাসিমা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত একটার দিকে মিরপুর ১৪ নাম্বার বাসস্ট্যান্ড থেকে কাজলকে ধরে নিয়ে যায়। কাজল এ সময় একটি হিউম্যান হলারের ভেতরে ঘুমিয়ে ছিল। কাজল তার বাবা-মার সঙ্গে ইব্রাহিমপুর এলাকায় থাকতো। সে পেশায় একজন ট্যাক্সিচালক বলে তার বাবা-মা জানান। তারা বলেন, বৃহস্পতিবার ট্যাক্সি চালিয়ে, গাড়ি গ্যারেজে জমা দিয়ে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত বেশি হলে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে ঝামেলা হয় বলে কাজল পরিচিত এক ব্যক্তির হিউম্যান হলারের ভেতরে ঘুমিয়ে ছিল। জামালের বাবা আব্দুল মালেক বলেন, তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার চান। এজন্য তিনি মামলা করবেন। তবে কার বিরুদ্ধে মামলা করবেন তা তিনি জানেন না। কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মোর্শেদ আলম শনিবার বিকেলে জানান, জামালের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এসএইচ/০১১৫ ঘ.