কক্সবাজার, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফৈার ডটকম)- প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার বিষয়ক দুই দিন ব্যাপী 'সাংবাদিক অবহিতকরণ কর্মশালা' শনিবার শুরু হয়েছে।
কর্মশালায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মিসবাহ উদ্দিন আহমদ জানান, ২০০৪ সালের পর দেশে এইচআইভি ভাইরাস বহনকারীদের সঠিক কোনও পরিসংখ্যান নেই। তবে এইচআইভি ভাইরাস বহন করছেন, কক্সবাজারের এমন নয় জনের তথ্য তার কাছে রয়েছে। এদের মধ্যে দুইজন এইডস রোগে আক্রান্ত।
তিনি জানান, এইচআইভি/এইডস আক্রান্তদের মধ্যে আট জন পুরুষ ও একজন নারী। পুরুষদের মধ্যে অধিকাংশই বিদেশ ফেরত। আক্রান্ত নারীর স্বামীও বিদেশ ফেরত। এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান।
জেলা প্রশাসন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ এর প্রতিনিধি নাজমুল হক। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, ডা. সোমা চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪০ ঘ.
bdnews24