মুন্সীগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার ওয়ার্ড কমিশনার সায়েদুর রহমান নিউটন হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে মুন্সীগঞ্জে র্যাব গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিরাজদীখান উপজেলার উত্তর রাঙ্গাবালিয়া পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা উপপরিদর্শক মনির।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ জাকির(৪০) ও কামাল হোসেন(৩৯)। নিউটন হত্যা মামলায় জাকিরের মৃত্যুদণ্ড ও কামালের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।
র্যাব-১১ এর কর্মকর্তা মনির হোসেন জানান, কামালের চাচার বাড়ি থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ভাগ্যকূল র্যাব ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।
২০০২ সালে কমিশনার নিউটন খুন হন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির বহু অভিযোগ ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৭ ঘ.
bdnews24