ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় পার্টির সংস্কার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। দলের সভাপতিমন্ডলীর সদস্য গোলাম মসীহ এই তথ্য জানিয়ে বলেছেন, এই প্রক্রিয়ায় পার্টির চেয়ারম্যান পদে আসছেন রওশন এরশাদ। আর বর্তমান চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হবেন উপদেষ্টা।
গোলাম মসীহ শুক্রবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি মাসের ২৭ তারিখ নাগাদ তারা রওশন এরশাদকে চেয়ারম্যান করে দলের সার্বিক সংস্কার করবেন। এজন্য ইতিমধ্যেই সভাপতিমন্ডলীর সদস্যরা আলোচনা করেছেন।"
রওশন এরশাদ চেয়ারম্যান হলে এরশাদ কোন পদে থাকবেন জানতে চাইলে তিনি বলেন, "এরশাদ সাহেব উপদেষ্টা হবেন"। এতে এরশাদের সম্মতির প্রসঙ্গে বলেন, "সম্মতি নেই। তবে দলের সবার মত রয়েছে।"
এ প্রক্রিয়া দলটিতে আবারো ভাঙনের সৃষ্টি করবে কি না- এ প্রশ্নের জবাবে জনাব মসীহ বলেন, "আমরা আত্মবিশ্বাসী হয়েই এ প্রক্রিয়ায় অগ্রসর হয়েছি। এতে দলে ভাঙনের কোনো সম্ভাবনা নেই। প্রায় সবাই এতে একমত"।
তিনি বলেন, "চেয়ারম্যানের নিরঙ্কুশ ক্ষমতা কমানোর পাশাপাশি গঠনতন্ত্রে পরিবর্তন এনে দলে গণতন্ত্র চর্চার সুযোগ আরো প্রসারিত করা হবে।"
রাজনীতিও ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেই সংস্কার কাজ শেষ করা হবে।
দলের মহাসচিব পদে আপনার আসার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, " আমি জানি না। দলীয় ফোরামেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24