ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। শুক্রবার বেলা ১২ টায় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে।
নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত। (আরও তথ্যসহ-১)
এদিকে দুপুরের পর রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়। দুপুর থেকেই ঢাকা ও এর আশে-পাশের এলাকার আকাশ জুড়ে ছিলো মেঘ। বৃষ্টিপাতের ফলে গুমোট গরম থেকে নগরবাসীর স্বস্তি মেলে। ঢাকায় দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সারাদিনে দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় বগুড়ায়। এছাড়াও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নোয়াখালীর মাইজদী কোর্টে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্য চারটি বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিআর/এমআই/১৯২৭ ঘ.
bdnews24