২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালককে বদলি

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসাইনকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসাইনকে বদলি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরিচালককে বগুড়ায় বদলি করে অতি দ্রুত তাকে সেখানে যোগদানের জন্য বুধবার বন ও পরিবেশ মন্ত্রণালয় আদেশ জারি করেছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বগুড়ার পরিচালক নাজমুল হক। মোশাররফ হোসাইনের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় পাহাড় কাটার হোতাদের সহযোগিতা করার বিস্তর অভিযোগ ছিল। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় কাটা রোধ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম সভায় বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমান প্রকাশ্যেই তার কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিভাগীয় কমিশনার সেদিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে বলেন, "পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তাকে এখানে রাখা হবে না।" মোশাররফ হোসাইনের বদলি প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, "তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। অন্য দুর্নীতিবাজদেরও একই পরিণতি হবে।" এদিকে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটার পরও এতদিন কেন মামলা হয়নি- তার কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়েছে। এ সপ্তাহের শুরুতে এ চিঠি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে এসেছে বলে স্বীকার করেছেন পরিচালক মোশাররফ হোসাইন। তবে তিনি বলেন, "চট্টগ্রামে আগে থেকেই পাহাড় কাটা চলছে। পাঁচ বছর আগে ২০০২ সালে পরিবেশ আদালত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পরিবেশ আদালত বিভিন্ন সময়ে মামলা করেছে। এর আগে এ সংক্রান্ত আইন না থাকায় মামলা করা সম্ভব হয়নি।" অধিদপ্তর সূত্র জানায়, মহাপরিচালকের দপ্তরের কারণ দর্শানো চিঠির জবাবে চট্টগ্রাম অফিস মামলা না করার ব্যাখ্যায় পাহাড় কাটা আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জবাব পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ২০০২ সালে গণবিজ্ঞপ্তি জারির পর চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এ পর্যন্ত পাহাড় কাটার বিরুদ্ধে ৩০টি মামলা করেছে এবং এখনও পাহাড় কাটার বিরুদ্ধে মামলা হচ্ছে। তবে পরিবেশ আদালতে খোঁজ নিয়ে জানা যায়, পাহাড় কাটার বিরুদ্ধে গত পাঁচ বছরে অধিদপ্তর মাত্র ১৫টি মামলা করেছে। অন্য মামলাগুলো পুলিশ কিংবা বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে দায়ের করে। মামলাগুলোর মধ্যে আবার বেশ কয়েকটি অবৈধ ইটভাটার মামলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/২১২৮ ঘ.