ঢাকা, ২১জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ক্রীড়াঙ্গন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে, ক্রীড়ার সাফল্য ঈর্ষনীয় স্তরে পৌঁছেনি, ফুটবলের জৌলুস হারিয়ে গেছে---যে সমস্যাগুলোর কথা সবাই সাধারণত বলে সেগুলোই ধ্বনিত হলো প্রধান উপদেষ্টার কণ্ঠে। বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ড. ফখরুদ্দীন আহমদের ভাষনের মূল উপজীব্য ছিল এগুলোই।
তত্ত্ববধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৫ মাস পর তিনি প্রথম কোনো ক্রীড়ানুষ্ঠানে এসেছেন। সেটা ২০০৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৯ ক্রীড়াবিদ ও এক সংগঠকের হাতে পুরস্কার তুলে দিয়ে ড. ফখরুদ্দীন নিজের বক্তৃতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্ধকার দিকগুলি তুলে ধরেছেন। এবং যাবতীয় অনিয়ম, দুর্নীতি দূর করে ক্রীড়াঙ্গনে সঠিক ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ৯ ক্রীড়াবিদ হলেন সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান বাবলু ও খন্দকার ওয়াসীম ইকবাল, ক্রিকেটার মোহাম্মদ রফিক, শ্যুটার শারমিন আক্তার, সাবেক হকি খেলোয়াড় এহতেশাম সুলতান, অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই, সাবেক সাঁতারু মাহমুদা শরীফ, সাবেক ভারোত্তোলক আজাদ আবুল কালাম ও সাবেক জুডোকা নয়না চৌধুরী। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন লে. কর্ণেল এম এ হামিদ। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ১০ জনের হাতে নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। মোহাম্মদ রফিক শ্রীলংকা সফরে থাকায় তার পক্ষে পুরস্কার নিয়েছে তার ছেলে পিয়াল।
কাকতালীয়ভাবে ৪৪---তম জন্মদিনেই জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়াসীম ইকবাল। অবসরে যাওয়ার ১৫ বছর পর এই সম্মাননা পেয়েও বেশ খুশি সাবেক এই ফুটবল তারকা, "আগে পেলাম না পরে পেলাম এ নিয়ে আমি ভাবছি না। পুরস্কার পেয়েছি, এতেই আমি খুশি।" ১০ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সাফ গেমসের সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই শ্যুটারের মনে পড়ছে তার কোচের কথা, "সেলিম স্যারের কাছে আমি কৃতজ্ঞ, উনি না থাকলে আমার এতদূর আসা হতো না।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ক্রীড়া সচিব ড. মোহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার। বক্তব্য রেখেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী, তিনি ক্রীড়ানীতি যুগোপযোগী করে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন। আর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গন, তার অর্জন--ব্যর্থতা এসবকিছুই বিশ্লেষণ করেছেন বিস্তারিতভাবে। তিনি ক্রিকেটের উত্থানের পাশাপাশি অন্যান্য খেলার অর্জনের কথাও উল্লেখ করে বলেছেন, "এসব সাফল্য এসেছে খন্ডিতরূপে। কোথায় যেন ধারাবাহিকতার অভাব। বার বার ছন্দপতন ঘটেছে। আমাদের এর কারণ খুঁজে বের করতে হবে।" তিনি বিশেষভাবে জোর দিয়েছেন ফুটবলের হারানো জনপ্রিয়তার ওপর, "সত্তর--আশির দশকে ঢাকার ফুটবল মৌসুমে রাজপথে ক্রীড়ানুরাগীদের যে ঢল নামতো, সারাদেশে বিভিন্ন দলের মাঝে যে উত্তেজনা দেখা যেতো, তা এখন আর দৃশ্যমান হয় না। ফুটবল সহ সম্ভাবনাময়ী অন্যান্য খেলাগুলোর সোনালী ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল দিনগুলি ফিরিয়ে আনতে হবে।"
ফেরানোর পথে সাধারণ চোখে যেটা বড় বাধা তা হচ্ছে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ। প্রধান উপদেষ্টার কথাতেও তা স্পষ্ট, "বিভিন্ন সময়ে ক্রীড়াঙ্গন ও ক্রীড়া সংগঠনগুলোকেও রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে যা কাঙ্খিত নয়। আমরা ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। ক্রীড়াঙ্গনের পরিবেশ সুস্থ, সুন্দর ও সবল রাখতে যোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গকে স্থান করে দিতে চাই। চাই ক্রীড়াঙ্গন থেকে দূর্নীতি ও অনিয়ম দূর করে সঠিক গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে।"
এ যাত্রায় সকল পর্যায়ে ক্রীড়া ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ ও সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে চান প্রধান উপদেষ্টা।
২০০৬ সালে যারা জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন : হাসানুজ্জামান বাবলু, খন্দকার ওয়াসিম ইকবাল (ফুটবল), মোহাম্মদ রফিক (ক্রিকেট), শারমিন আক্তার (শ্যুটিং), এহতেশাম সুলতান (হকি), ফৌজিয়া হুদা জুঁই (অ্যাথলেটিক্স), মাহমুদা শরীফ (সাঁতার), আজাদ আবুল কালাম (শরীর-গঠন), নয়না চৌধুরী (জুডো) এবং অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্ণেল এম এ হামিদ পিএসসি (সংগঠক)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/ ১৮৪০ঘ.
bdnews24