২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও সিলেটে ১১ ডাকাত গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে বৃহস্পতিবার ব্যাংকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিলেটে বুধবার ভোর রাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 06:44 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে বৃহস্পতিবার ব্যাংকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিলেটে বুধবার ভোর রাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালিয়ার মো. হোসেন সোহাগ (২০), কাচিয়ারার মাহফুজ (২৫), রূপসার আলাউদ্দিন (২৩), শাহরাস্তির দীন মোহাম্মদ (৩৫), হাজীগঞ্জের জহির ইসলাম (২২) ও বিল্লাল হোসেনেকে (২৭) ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. শাহিন জানান, বৃহস্পতিবার ভোররাতে সোনালী ব্যাংকের ফরিদগঞ্জ শাখায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু চাবির ছড়া, তালা ভাঙ্গার যন্ত্র, হেক্সো ব্লেড, ছোরা ও রামদা। গ্রেপ্তার হওয়া সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী। সিলেট প্রতিনিধি জানান, নগরীর তালতলায় তামান্না মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে ডাকাতির সময় বুধবার ভোররাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। আটক করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক। তারা হলেন, হারুনুর রশীদ, মনির হোসেন, সোহেল, আলামিন ও শরীফ। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. চান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ 'ওষুধ ডাকাত' চক্রের সদস্য। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে এ ধরনের একাধিক ঘটনায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তারা ওষুধ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.