পাবনা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা-৩ আসনের সাবেক সাংসদ ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে।
ফরিদপুর উপজেলার পারফরিদপুর গ্রামের আশরাফুল আলম মিঠু বুধবার জেলা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট ইউসুফ আব্দুল্লাহ মামলাটি গ্রহণ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত অন্যরা হলেন, ফরিদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তার বাবা বিএনপি নেতা ইসহাক আলী ও ইদ্রিস আলী মাস্টার।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানী জানান, অভিযুক্তরা ২০০৬ সালের ৬ মার্চ মিঠুর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা মিঠুর বাড়ি ভাংচুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমআই/১২১৮ ঘ.
bdnews24